জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির সঙ্গে ন্যায় বিচার হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টার দিকে সদ্য কারামুক্ত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর টঙ্গীর নিজ বাসায় তার সঙ্গে দেখা করতে এসে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি সুরভির পরিবারের খোঁজ খবর নেন।
এসময় নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সুরভী যদি কোনো অন্যায়ও করে থাকতেন, তবে দেশের একজন নাগরিক হিসেবে যে অধিকার ছিলো, সেটা তিনি পাননি। সুরভীকে যে মামলায় ফাঁসানো হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট।’
তিনি বলেন, ‘৫ই আগস্টের পর কিছু কিছু মিডিয়া জুলাই যোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে। তাহরিমা জান্নাত সুরভীর ঘটনা এবং হবিগঞ্জে এক ছাত্র নেতাকে গ্রেপ্তারের ঘটনা একই সূত্রে গাথা। কিছু কিছু মিডিয়া জুলাই অভ্যুত্থানের কোনো নেতার বিরুদ্ধে কোনো কিছু পেলেই সত্য মিথ্যা যাচাই না করে তা ঢালাওভাবে প্রচার করছে। নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত চক্রান্ত হচ্ছে। আওয়ামী লীগের দোসররা যেন দলে অনুপ্রবেশনা করতে পারে আমাদের দলের নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রাখছে।’
তিনি সাংবাদিক ও মিডিয়া হাউজগুলোকে নিরপেক্ষ অবস্থান নেওয়ারও আহ্বান জানান।
তিনি জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ডের বিরুদ্ধে সরব প্রতিবাদ ও জামিনে মুক্ত হওয়ার সঙ্গে সম্পৃক্ত গাজীপুর নাগরিক পার্টি, যুবশক্তি, ছাত্র শক্তি ও আইনজীবী ফোরামের সব সদস্যদের ধন্যবাদ জানান।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর নাগরিক পার্টি, যুব শক্তি, ছাত্র শক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
উল্লেখ্য, সোমবার (৫ জানুয়ারি) কালিয়াকৈর থানার একটি মামলায় গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে সুরভীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় সুরভীর রিমান্ড মঞ্জুরের প্রতিবাদ এবং মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভকারীরা ছাত্র-জনতার ব্যানারে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন। তারা সুরভীর মুক্তির দাবিতে স্লোগান দেন।
একই দিন বিকেলে সুরভির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত-১ এ রিভিশন আবেদন করেন সুরভির আইনজীবীরা। বিচারক শুনানি শেষে সুরভির রিমান্ডের আদেশ বাতিল ও জামিন আবেদন মঞ্জুর করেন।
এরপর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন সুরভী।
প্রসঙ্গত, এর আগে গত ২৫ ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী।
