সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, স্বৈরশাসকরা সব সময়ই নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে সংস্কৃতিকে ব্যবহার করেছে। শুধু সংস্কৃতিই নয়, ক্রীড়াঙ্গনকেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করায় এ দুই ক্ষেত্রই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে সাংস্কৃতিক অঙ্গনকে দলীয় প্রভাবমুক্ত ও যুগোপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক এসেছে, তারা দমন-পীড়নের পাশাপাশি সংস্কৃতিকেও ক্ষমতা ধরে রাখার অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। বাংলাদেশেও বিভিন্ন সময় সংস্কৃতি ও ক্রীড়া জগতকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো হয়েছে। এর ফলে এসব অঙ্গনের অনেক ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, সরকার সেই ক্ষতি পুষিয়ে নিতে কাজ করছে। রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসেবে সাংস্কৃতিক অঙ্গনকে কীভাবে আরও আধুনিক, যুগোপযোগী ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখা যায়, সে বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
এর আগে প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন। পরে তিনি সদর উপজেলা পরিষদে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম বিষয়ক অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ জেলা প্রশাসন ও সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
