Home বিনোদনএবার বনলতা সেন নাবিলা

এবার বনলতা সেন নাবিলা

by The Desh Bangla
০ comments

মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ দিয়ে দর্শকহৃদয় জয় করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দর্শক ও সমালোচকদের মধ্যে নাবিলার দারুণ এক গ্রহণযোগ্যতা তৈরি হয়। এরপর একাধিক সিনেমা ও নাটকে কাজ করেছেন। গেল বছরের রোজার ঈদে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার অভিনীত সিনেমা ‘তুফান’ মুক্তি পায়। সিনেমাটি দর্শক মহলে ভালো সাড়া ফেলে। আবারও নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এবার ঈদ সামনে রেখে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘বনলতা সেন’।

সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী এই অভিনেত্রী। নাবিলা বলেন, বেশ কিছুদিন বিরতির পর আমার অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে এটা ভেবেই ভালো লাগছে। আমি সত্যিই আশাবাদী যে ‘বনলতা সেন’ দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে। গল্প, নির্মাণ আর অভিনয়Ñ সব মিলিয়ে এটি আলাদা অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।

আগামী রোজার ঈদে একগুচ্ছ সিনেমা মুক্তি পাবে। মুক্তি দৌড়ে এগিয়ে আছে ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘পিনিক’। এ ছাড়াও আরও কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। এ তালিকায় নতুন করে যুক্ত হলো ‘বনলতা সেন’। ২০২৪ সালেই সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিয়েছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তখন মুক্তি পিছিয়ে দেওয়া হয়। অবশেষে জানা গেছে, নতুন বছরে দর্শকের সামনে আসছে সিনেমাটি।

জীবনানন্দ দাশের কাল্পনিক চরিত্র বনলতা সেনকে ঘিরেই নির্মিত হয়েছে এই সিনেমা। সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমায় কবি জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি প্রমুখ। ‘বনলতা সেন’ ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায়।

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছেন, সিনেমাটি নির্মাণে তিনি কোনো ধরনের আপস করেননি। সময় বেশি লাগলেও যত্ন নিয়ে কাজ শেষ করেছেন। তিনি বলেন, জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করা মানেই বাড়তি দায়বদ্ধতা। গবেষণা, প্রস্তুতি, উপযুক্ত অভিনয়শিল্পী নির্বাচনÑ সবকিছুই ছিল কঠিন ও সময়সাপেক্ষ। দীর্ঘদিন রিহার্সাল করা হয়েছে এবং প্রোডাকশন ডিজাইনের দিকেও বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা জানান, ২০২৬ সালের ঈদুল ফিতরকে সামনে রেখেই ‘বনলতা সেন’ মুক্তির পরিকল্পনা করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে প্রচার-প্রচারণা শুরু হবে।

বিজ্ঞাপনচিত্র দিয়ে নাবিলার অভিনয়জীবনের শুরু। পরে নাটক ও টেলিভিশন অনুষ্ঠানে নিয়মিত কাজ করে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। ‘আয়নাবাজি’তে অভিনয়ে প্রশংসিত হওয়ার পর ‘তুফান’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দর্শকের ভালোবাসা পান। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও নাবিলা সমান জনপ্রিয়। সম্প্রতি ‘আকা’ ওয়েব সিরিজের মাধ্যমে তিনি প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেন, যেখানে তার বিপরীতে ছিলেন আফরান নিশো। ভিকি জাহেদ পরিচালিত সাত পর্বের এই সোশ্যাল থ্রিলার সিরিজটি রহস্য, প্রতিশোধ ও মানবিক সম্পর্কের গল্পে নির্মিত।

You may also like

Leave a Comment