Home খেলারোনালদোর জোড়া গোল, শিরোপা খরা কাটিয়ে সৌদি চ্যাম্পিয়ন আল-নাসর

রোনালদোর জোড়া গোল, শিরোপা খরা কাটিয়ে সৌদি চ্যাম্পিয়ন আল-নাসর

by thedeshbangla
০ comments

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ভর করে দামাককে ৪-১ ব্যবধানে উড়িয়ে সৌদি প্রো লিগের শিরোপা নিশ্চিত করেছে আল-নাসর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরবে নিজের প্রথম বড় শিরোপার স্বাদ পেলেন পর্তুগিজ সুপারস্টার। এই জয়ে ২০১৯ সালের পর পুনরায় লিগ শিরোপা ঘরে তুলল রিয়াদের ক্লাবটি।

শিরোপা জয়ের আগের ম্যাচটি ছিল অগ্নিপরীক্ষার। কিন্তু আগের ম্যাচে পয়েন্ট হারিয়ে শিরোপা নিশ্চিতের অপেক্ষা বেড়ে যাওয়ায় দলের ওপর ছিল বাড়তি চাপ। পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার যন্ত্রণা তো ছিলই। তবে সব হতাশাকে পেছনে ফেলে বৃহস্পতিবার আল-আওয়াল পার্কে শিরোপা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামে আল-নাসর। ম্যাচের ৩৩ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে কিংসলে কোম্যানের গোলে ব্যবধান বাড়ে। যদিও দামাক পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল, কিন্তু রোনালদোর জোড়া গোল সেই আশা গুঁড়িয়ে দেয়।

ম্যাচের ৬৩তম মিনিটে ডি-বক্সের বাঁ-দিক থেকে ফ্রি-কিক নিয়ে দূরের পোস্ট ঘেঁষে দুর্দান্ত গোল করেন রোনালদো। এরপর ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে বল পেয়ে বুলেট গতির শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি আদায় করে নেন এই পর্তুগিজ তারকা। এই দুই গোলের মাধ্যমে এবারের লিগে নিজের মোট গোলসংখ্যা দাঁড় করালেন ২৮-এ এবং পেশাদার ক্যারিয়ারে গোলসংখ্যা গিয়ে ঠেকলো ৯৭৩-এ।
শিরোপার লড়াইয়ে আল-নাসরের মূল প্রতিদ্বন্দ্বী আল-হিলাল এদিন নিজেদের ম্যাচে জয় পেলেও পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকতে পারেনি। ৩৪ ম্যাচে ২৮ জয় ও দুই ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আল-নাসর। অন্যদিকে, ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে আল-হিলাল। ২০১৮-১৯ মৌসুমের পর এই নিয়ে একাদশবারের মতো লিগ শিরোপা জিতল আল-নাসর। এই শিরোপা জয় সিআরসেভেনের সৌদি ক্যারিয়ারে নতুন এক সাফল্যের পালক যুক্ত করল।

You may also like

Leave a Comment