Home সারাদেশনেত্রকোণায় মাদরাসাছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত শিক্ষকের ডিএনএ নমুনা সংগ্রহ

নেত্রকোণায় মাদরাসাছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত শিক্ষকের ডিএনএ নমুনা সংগ্রহ

by thedeshbangla
০ comments

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে।

আদালতের নির্দেশনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আক্তারুজ্জামান গত ১৬ মে ঢাকায় গিয়ে ১৭ মে সিআইডি কার্যালয়ে আসামির ডিএনএ স্যাম্পল জমা দেন।

নেত্রকোণা সদরের কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ রিয়াদ মাহমুদ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমানে মামলার প্রধান আসামি আমান উল্লাহ সাগর জেলহাজতে রয়েছেন এবং আদালত আগামী ২৮ জুন এ মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০২৫ সালের নভেম্বর মাসে উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ওই শিশুটিকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন।

পরবর্তীতে শারীরিক পরিবর্তনের কারণে শিশুটির মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এই ঘটনায় গত ২৩ এপ্রিল মেয়েটির মা বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে র‍্যাব ছায়াতদন্ত শুরু করে এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করে। তিন দিনের রিমান্ড শেষে গত ১০ মে তাকে আদালতে হাজির করে ডিএনএ পরীক্ষার আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।

এদিকে ঘটনার প্রকৃত চিত্র পর্যবেক্ষণ এবং ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে গত ১১ মে মানবাধিকার সংস্থা ‘আইন ও সালিশ কেন্দ্র (আসক)’-এর একটি বিশেষ প্রতিনিধি দল নেত্রকোণায় ভুক্তভোগী শিশুর বাড়ি পরিদর্শন করে এবং পুলিশের সাথে মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করে।

অন্যদিকে ভুক্তভোগী শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা চিন্তা করে তার মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে সিলেটের একটি নিরাপদ আশ্রয়ে (সেফ হোম) পাঠানো হয়েছে। বর্তমানে ১২ বছরের ওই শিশুটি সেখানেই নিরাপদ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

You may also like

Leave a Comment