টানা ৩৭ ম্যাচ অজেয় থাকার যৌথ রেকর্ড। তারপর আবার ১৬ বছর পর প্রথম বিশ্বকাপ ফাইনালে খেলার উত্তেজনা। আবেগ লুকিয়ে রাখতে পারলেন না স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর পর কোচের প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘এই মুহূর্তে নিজের অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। তবে আমি বুঝতে পারছি যে এটি আনন্দের মতোই কোনো অনুভূতি। খেলোয়াড়দের এমন একটি অসাধারণ দলকে নেতৃত্ব দিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমরা এখনো আরও উন্নতি করতে চাই। আমাদের সামনে এখনো আরও একটি ধাপ পার হওয়া বাকি রয়েছে। আমরা সেটি অর্জন করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।’
তিনি আরও জোর দিয়ে বলেন, ‘ভেতরে অনেক চাপা উত্তেজনা কাজ করছে’ এবং ‘বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা একটি বিশাল দায়িত্ব।’ তিনি যোগ করেন, ‘এটি একটি দারুণ সৌভাগ্য, যা কেবল বাছাই করা অল্প কিছু মানুষের ভাগ্যেই জোটে। আপনাকে প্রতিটি মুহূর্ত মন থেকে উপভোগ করতে হবে। আজ থেকে চার বছর আগে যখন আমরা একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলাম… আমরা সবসময় সেই ভাবনায় অবিচল ছিলাম এবং সেটাই আজ আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি অত্যন্ত গর্বিত।’
দে লা ফুয়েন্তে বললেন, ‘আজ আমরা বিশ্বের অন্যতম সেরা দলের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু তাদের সামনে ছিল বিশ্বের সেরা দল। এটাই পার্থক্য। এই খেলোয়াড়রা সবকিছুরই যোগ্য। দিনের পর দিন তারা তাদের নিষ্ঠা, সংহতি, উদারতা ও প্রতিভা দেখিয়ে এসেছে। তারা কঠিন কাজকেও সহজ করে তোলে।’
এই জয়ে একটি অনন্য রেকর্ড গড়েছেন দে লা ফুয়েন্তে। প্রথম কোচ হিসেবে কোনো ইউরোপিয়ান দলের সঙ্গে মেজর টুর্নামেন্টে প্রথম ১৪ ম্যাচে অজেয় থাকার কীর্তি তার। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ফিফা বিশ্বকাপে ১৩ জয় ও ১ ড্র তার।
