Home সারাদেশগাজীপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত: ফিলিং স্টেশন সিলগালা, ম্যানেজারের কারাদণ্ড

গাজীপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত: ফিলিং স্টেশন সিলগালা, ম্যানেজারের কারাদণ্ড

by thedeshbangla
০ comments

গাজীপুরের কোনাবাড়ীতে কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে প্রায় ৩৪ হাজার লিটার ডিজেল ও অকটেন উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) রাতে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত ‘মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে’ এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফিলিং স্টেশনের ম্যানেজার আবুল কাশেম বাবুলকে (৬০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত বাবুল ওই এলাকার বাসিন্দা।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে আনসার ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

আকস্মিক পরিদর্শনের সময় দেখা যায়, ওই ফিলিং স্টেশনে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাধারণ গ্রাহকদের কাছে ‘তেল নেই’ বলে মিথ্যা তথ্য দিয়ে বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল, অথচ ভেতরে বিপুল পরিমাণ তেল মজুত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান জানান, জব্দকৃত প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সরাসরি তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এই তেল বিক্রির সম্পূর্ণ অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

জনভোগান্তি লাঘবে এবং অসাধু চক্রের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment