Home সারাদেশপাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

by thedeshbangla
০ comments

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ (৬৫) নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি ভাঙ্গুড়া উপজেলার কলকতি গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই-তিন দিন আগে আব্দুল আজিজ তার পরিচিত এনজিও সিসিডিবি-র ভাঙ্গুড়া শাখা ব্যবস্থাপক ইন্দ্রজিতের বাড়ি রাজশাহীর তানোরে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার সেখান থেকে মোটরসাইকেলে করে ভাঙ্গুড়ায় ফেরার পথে রাজ্জাক মোড় এলাকায় একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহীই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের চালক ইন্দ্রজিৎকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির প্রভাবশালী এই নেতার অকাল মৃত্যুতে পাবনা ও ভাঙ্গুড়া রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

You may also like

Leave a Comment