Home সারাদেশপাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

by thedeshbangla
০ comments

পাবনার বেড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বেড়া পৌরসভার হাতীগাড়া গ্রামের ডাকবাংলা বাজার এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

দুই পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো ডাকবাংলা বাজার এলাকা। সংঘর্ষ চলাকালীন গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, এলাকার কিছু অসাধু ব্যক্তি এই মারামারি ও ভাঙচুরের সরঞ্জাম জোগান দিয়েছে এবং আহতদের প্রাথমিক সেবা দিয়ে পুনরায় সংঘর্ষে নামার উস্কানি দেয়।

খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
বেড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) লালবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নাশকতার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হ্যান্ডমাইকে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, এলাকা আপনাদের, তাই নিজেদের নিরাপত্তার ঢাল নিজেদেরই হতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও নাশকতা রুখতে পাড়ার মানুষকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো ধরনের উস্কানিতে কান না দিয়ে নিজেদের এবং এলাকার জানমাল রক্ষায় ঘরে ঘরে সচেতনতা তৈরির ওপর তারা জোর দেন।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমা বলেন, প্রশাসনের পক্ষ থেকে দাঙ্গা ও নাশকতা প্রতিরোধে সব ধরনের কার্যক্রম চলমান আছে এবং এটি অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। বর্তমানে এলাকাটি প্রশাসনের কঠোর নজরদারিতে রয়েছে।

You may also like

Leave a Comment