যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে অনুমতি দেননি আদালত। দুর্নীতির অভিযোগ থাকায় আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।
অ্যাডভোকেট মো. রায়হান চিকিৎসার জন্য মোয়াজ্জেমকে থাইল্যান্ড যাওয়ার অনুমতি চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন,মোয়াজ্জেম হোসেনকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার জন্য পিটিশন মামলায় সম্পৃক্ত করা হয়েছে। তিনি কোনো প্রকার আইনশৃঙ্খলা ভঙ্গকারী ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত নন। তিনি পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পান। সেখান থেকে ফ্লুইড বের হয়ে যাচ্ছে। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চান। আগামী ১৫ ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্ডের তারিখ নির্ধারণ করা হয়েছে।
শুনানি শেষে আদালত আবেদন নাকচ করেন।
গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীপরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
সেই আবেদনে বলা হয়েছিল, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা এবং এনআইডি ব্লক করা প্রয়োজন।
