সাম্প্রতিক সপ্তাহগুলোতে অস্থির সময় পার করা রিয়াল মাদ্রিদের হাল কিছুটা স্থিতিশীল করেছেন কোচ জাবি আলোনসো। তবে রবিবার বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ ক্লাসিকো ফাইনালটি স্প্যানিশ এ কোচের জন্য ‘ডু অর ডাই’ মুহূর্ত হয়ে উঠতে পারে।
খারাপ পারফরম্যান্সের ধারাবাহিকতায় চাকরি হারানোর দ্বারপ্রান্তে থাকা আলোনসো ঘুরে দাঁড়ান টানা পাঁচ ম্যাচে জয়ের মাধ্যমে। এর মধ্যে সর্বশেষটি আসে বৃহস্পতিবার, সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। বর্তমান সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারাতে পারলে এ যাত্রা হয়তো মুক্তি মিলতে পারে আলোনসোর। এ বার্সেলোনার কাছেই গত বছর জেদ্দার ফাইনালে রিয়াল ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল। এবার সুযোগ এসেছে প্রতিশোধের। আর সেটা করতে পারলে আলোনসো রিয়ালের কোচ হিসেবে প্রথম শিরোপা জিতবেন। বার্সেলোনার বিপক্ষে দুই ম্যাচে টানা দ্বিতীয় জয় আলোনসোর জন্য সময় ও স্বস্তি এনে দেবে।
কিন্তু হান্সি ফ্লিকের দলের কাছে হারলে, জুনে নিয়োগ পাওয়া কোচকে বরখাস্ত করার জন্য রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আরও একটি অজুহাত পেয়ে যাবেন। আলোনসোকে নিয়ে পেরেজকে কখনই পুরোপুরি সন্তুষ্ট মনে হয়নি। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছিল ১০ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির কাছে হারলে পেরেজ আলোনসোকে বরখাস্ত করবেন। সেই ম্যাচে রিয়াল হেরেছিল ঠিকই, তবে দলের উন্নত পারফরম্যান্স কোচকে আরেকটি সুযোগ উপহার দেয়। গত মৌসুমে সুপার কাপ জয় হান্সি ফ্লিকের বার্সেলোনার জন্য কার্যকর প্রমাণিত হয়েছিল, যার ধারাবাহিকতায় তারা লা লিগা ও কোপা দেল রে দুটিরই শিরোপা জয় করে। এর আগের তিন মৌসুমেও সুপার কাপ জয়ীরা গত মৌসুমে স্প্যানিশ লিগ জয়ের স্বাদও পেয়েছে। আলোনসো বলেন, ‘দুটি বিষয় পরিষ্কার- আমরা এখন যে টুর্নামেন্টে খেলছি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে পুরো মৌসুমের অগ্রাধিকার তালিকায় এটি চতুর্থ।’
ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের প্রত্যাবর্তনে আলোনসো বড় স্বস্তি খুঁজে পেয়েছেন। হাঁটুর ইনজুরির কারণে অ্যাথলেটিকোর বিপক্ষে ২-১ গোলের জয় এবং রিয়াল বেতিসকে ৫-১ গোলে হারানোর ম্যাচ দুটি তিনি মিস করেছিলেন। আলোনসো জানান, বার্সেলোনার বিপক্ষে এমবাপ্পের শুরুর একাদশে থাকার সম্ভাবনা অন্য যে কারও মতোই। যদিও আরও এক সপ্তাহ বিশ্রামে থাকার কথা ছিল, তবু কোচ বিশ্বাস করেন তিনি পুরোপুরি সেরে উঠেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচে ২৯ গোল নিয়ে এমবাপ্পে এ মৌসুমে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা এবং স্পষ্টভাবে সেরা পারফরমার। রিয়ালে যোগ দেওয়ার পর বার্সেলোনার বিপক্ষে পাঁচ ম্যাচে তিনি ছয় গোল করেছেন। তবে এমবাপ্পের ফেরা আলোনসোর জন্য কিছুটা জটিলতাও তৈরি করতে পারে। কারণ এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহাম একসঙ্গে খেললে দল সব সময় সেরা ছন্দে থাকে না। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোনসোর জন্য অপরিহার্য হয়ে উঠেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রডরিগো গোয়েৎসে।
