Home সারাদেশঝিনাইদহে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

ঝিনাইদহে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

by thedeshbangla
০ comments

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মোটরসাইকেলের হর্ন বাজানো ও সাইড দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর ও পাখিমারা গ্রামের মধ্যবর্তী বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার বিশ্বাস হরিশপুর গ্রামের খয়বার বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে বরইতলা এলাকায় ঘুরতে এসেছিলেন বিভিন্ন এলাকার মানুষ। এ সময় মোটরসাইকেলের হর্ন বাজানো ও সাইড দেওয়াকে কেন্দ্র করে হরিশপুর গ্রামের শুভ ও পাখিমারা গ্রামের লাল্টুর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

পরে উভয় গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দেলোয়ার বিশ্বাসসহ উভয় পক্ষের কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে জোড়াদহ পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দেলোয়ার বিশ্বাসকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জোড়াদহ পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফরিদ উদ্দিন জানান, ধারালো অস্ত্রের আঘাতে দেলোয়ারের শ্বাসনালী কেটে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

Leave a Comment