Home সারাদেশজামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

by thedeshbangla
০ comments

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ওয়ার্ড বিএনপি কার্যালয় পুড়ে গেছে। এতে সাবেক ও বর্তমান শীর্ষ নেতাদের ছবি, দলীয় ব্যানার ও ফেস্টুন সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার পোগলদীঘা ইউনিয়নের বিন্নাফৈর গ্রামের ২ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা জানা যায়। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২-৩ দিন ধরে কার্যালয়টি বন্ধ ছিল। সকালে বিন্নাফৈর বাজারের লোকজন অফিসের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে বিষয়টি দলীয় নেতাকর্মীদের জানানো হলে তারা এসে দেখতে পান— অফিসের ভেতরে টাঙানো জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ছবিসহ দলীয় ফেস্টুন, ব্যানার ও ধানের শীষের ম্যুরাল আগুনে পুড়ে গেছে।

ঘটনার খবর পেয়ে পোগলদীঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজুসহ স্থানীয় বিএনপি, যুবদল ও কৃষকদলের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার নিন্দা জানিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে এবং এতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে।

অন্যদিকে, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

Leave a Comment