চাঁপাইনবাবগঞ্জে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিক্ষককে আটক করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত শিক্ষক জেলা শহরের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (টাউন হাইস্কুল) সহকারী শিক্ষক মিজানুর রহমান। তার বিরুদ্ধে ছাত্রীর পরিবার সদর মডেল থানায় মামলা দায়ের করলে বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী, তার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সাল থেকে প্রাইভেট পড়ানোর অজুহাতে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে শিক্ষক মিজানুর রহমান। ঘটনাটি কাউকে না জানানোর জন্য ওই ছাত্রীকে ভয়ভীতিও দেখানো হয়। পরে ভুক্তভোগী ছাত্রী মিজানুর রহমানের বিষয়টি পরিবারকে জানায়। এর পরিপ্রেক্ষিতে বুধবার মেয়ের পরিবার অভিযুক্ত শিক্ষককে ডেকে পাঠায়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত শিক্ষক মিজানুর রহমানকে পুলিশ হেফাজতে নেয়। পরবর্তীতে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয় তাকে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, শিক্ষার্থীর পরিবারের দায়ের করা মামলায় শিক্ষকের বিরুদ্ধে ২০২৫ সালের অক্টোবর মাসে ধর্ষণের অভিযোগ তোলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
