Home অপরাধট্রাকের ধাক্কায় ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

by thedeshbangla
0 comments

নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালক খোকন সাকিদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (১৯ জুলাই) দুপুরে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার খোকন সিকিদার বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।

র‍্যাব জানায়, গত ১২ জুলাই দুপুরে প্রতিমা রানী রায় তার সন্তানদের নিয়ে একটি ভ্যানে করে ডোমার উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মটুকপুর তিনতলা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়।

দুর্ঘটনায় একই পরিবারের তিনজন এবং ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও দুইজন গুরুতর আহত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহত প্রতিমা রানী রায়ের স্বামী ডোমার থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তার করে র‍্যাব।

You may also like

Leave a Comment