হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জানমালের নিরাপত্তায় জেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরণের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে।
বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ এই আদেশ দেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে পদযাত্রা শেষে ফেরার পথে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠে। অতর্কিত এই হামলায় শীর্ষ দুই নেতাসহ মিডিয়া টিমের অন্তত ১০ জন আহত হন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
এনসিপি নেতাদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই সন্ত্রাসী স্টাইলে অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। যদিও জেলা ছাত্রদল এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে পুলিশ রাবার বুলেট ছুড়ে দুই এনসিপি নেতাকে উদ্ধার করে নিয়ে যায়। হামলা ও সহিংসতার জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, সেজন্য প্রশাসন জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে।
