ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী বাসের চাকা পাংচার হয়ে উল্টে খাদে পড়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস কসবার কুটি এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী বাসস্ট্যান্ডের উদ্দেশে যাচ্ছিল। পথে গোলাসার এলাকায় পৌঁছালে বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।
