কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও গরুবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (৬ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার এলাকায় ব্র্যাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার পুন্দাইল গ্রামের আবু সাইদের ছেলে বিল্লাল (৩৫), একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে খুরশিদ (৬০) এবং শিবপুর উপজেলার বাসিন্দা পিকআপচালক খোকন (৩৯)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার শিকার ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী অনন্যা ক্লাসিক পরিবহনের বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জে যাচ্ছিল। অন্যদিকে, কিশোরগঞ্জ থেকে নরসিংদীর দিকে গরুবাহী তিনটি পিকআপ ভ্যান যাচ্ছিল। এ সময় সামনের পিকআপটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন নিহত হন এবং মারা যায় ছয়টি গরু। এছাড়া, আহত হন বাসের চালক ও তার হেলপার। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনার ফলে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
