চট্টগ্রাম নগরের ওপর জনসংখ্যা ও অবকাঠামোগত চাপ কমাতে হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় মাস্টারপ্ল্যান অনুযায়ী স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
রবিবার (৫ জুলাই) সচিবালয়ে নবনিযুক্ত দেশের নয়টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ পরিকল্পনা তুলে ধরেন।
এসময় সিডিএ চেয়ারম্যান বলেন, পরিকল্পিতভাবে নতুন উপশহর গড়ে তোলা গেলে মূল নগরের ওপর জনসংখ্যা, আবাসন ও যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। এতে চট্টগ্রামের দীর্ঘমেয়াদি ও টেকসই নগরায়ণ নিশ্চিত করা সম্ভব হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন কর্তৃপক্ষগুলোর চেয়ারম্যানদের সব সেবা প্রদানকারী সংস্থার সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন। তিনি নগরগুলোকে সবুজ, টেকসই ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
একইসাথে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা দেন।
