বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে দারুণ ছন্দে আছেন মুশফিকুর রহিম। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়ে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন এই অভিজ্ঞ ব্যাটার।
১৭৮ বলে ৯টি চার ও একটি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম শতক, যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ।
৮৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৫ রান। এতে করে লিড দাঁড়িয়েছে ৩৭১ রানে।
তৃতীয় দিন ১৫৬ রানের লিড নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই নাজমুল হোসেন শান্ত ১৫ রান করে আউট হন। এরপর লিটন দাসের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন মুশফিক।
লিটন দাসও দারুণ ব্যাটিং করেন। তিনি ফিফটি তুলে নেওয়ার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে নিজের ক্যারিয়ারসেরা রান করেন। শেষ পর্যন্ত ৬৯ রানে থামেন তিনি।
মুশফিকের সেঞ্চুরি ও লিটনের ধারাবাহিক পারফরম্যান্সে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
