আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, অতীতে যত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, সেগুলো যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, ওয়ান-ইলেভেনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম উঠে আসবে, তাদেরকেও বিচারের আওতায় আনা হবে।
সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলের বিষয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে অনেক আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজছিল। অবশেষে তিনি গ্রেফতার হয়েছেন। তাকে মঙ্গলবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
