Home রাজনীতিজুলাই সনদ বাস্তবায়ন করতে না পারলে জাতির জন্য হতাশার হবে

জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারলে জাতির জন্য হতাশার হবে

by thedeshbangla
০ comments

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারলে জাতির জন্য তা অত্যন্ত হতাশার হবে।” তিনি আজ শুক্রবার সকালে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেমস (আইএফইএস)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

সাইফুল আলম খান মিলন বলেন, “আইএফইএস-এর প্রতিনিধি দলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা মূলত জাতীয় সংসদকে কীভাবে আরও শক্তিশালী ও কার্যকর করা যায়, সে বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমরা তাদের জানিয়েছি, জুলাই আন্দোলনের পর গঠিত এই সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। সংসদই হোক জাতীয় জীবনের সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু—এটাই ছিল আন্দোলনের মূল দাবি।”

তিনি আরও বলেন, “সংসদে সরকারি দল ও বিরোধী দলের সমান গুরুত্ব থাকা উচিত। কিন্তু বর্তমানে সরকারি দলের বিশাল সংখ্যাগরিষ্ঠতার কারণে অনেক বিষয়ে আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এ অবস্থায় রুলস অব প্রসিডিউরে কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আমরা আমাদের মতামত ও পরামর্শ দিয়েছি।”

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জুলাই সনদ বাস্তবায়ন করা। কিন্তু আমরা লক্ষ্য করছি, সরকারি দল প্রথম থেকেই ভিন্ন পথে হাঁটছে। তারা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেনি এবং ইতোমধ্যে ভিন্ন প্রস্তাব আনার চেষ্টা করছে।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি এই সংসদে জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তবে তা জাতির জন্য এক বড় বিপর্যয় হিসেবে দেখা দেবে।”

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ এবং আইএফইএস-এর প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment