রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। চব্বিশের জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ এবং রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গঙ্গাচড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৪ আগস্ট গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ২৬০ জনকে আসামি করা হয়েছে। আজিজুল ইসলাম উক্ত মামলার এজাহারভুক্ত আসামি।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলার পর থেকে আজিজুল ইসলাম আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
