Home রাজনীতিকাফনের কাপড় পরে সড়ক অবরোধ: জামালপুর-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

কাফনের কাপড় পরে সড়ক অবরোধ: জামালপুর-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

by Akash
০ comments

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জামালপুরের ইসলামপুর উপজেলা শহরের বটতলা এলাকার তিন রাস্তার মোড় অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশে ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ দানু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তারা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিমসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম দীর্ঘ দিন ধরে এলাকার মানুষের অধিকার, নদী ভাঙন রোধ, শিক্ষার মানোন্নয়ন এবং রাস্তা-ঘাটের উন্নয়নে কাজ করছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার বিরুদ্ধে ১৪টি হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছিল। তার নেতৃত্ব, সততা এবং জনপ্রিয়তার কারণে তাকে মনোনয়ন দিলে এই আসনে বিএনপির জয় নিশ্চিত হবে।

আন্দোলনকারীরা বর্তমানে মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিলের দাবি জানান। তাদের অভিযোগ, বর্তমান মনোনীত প্রার্থী শারীরিকভাবে অসুস্থ এবং ২০০৯ সাল থেকে ২০১৮ সালের নির্বাচন ছাড়া ইসলামপুরে তেমন একটা আসেননি। তিনি উপজেলা বিএনপির কোনো আন্দোলন-সংগ্রামে অংশ নেননি এবং সাবেক মন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে আঁতাত করে চলেন, যে কারণে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

বক্তারা অবিলম্বে সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে এ এস এম আব্দুল হালিমকে প্রার্থী করার দাবি জানান। অন্যথায়, তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার সমর্থক উপস্থিত ছিলেন। এর আগে গত ১৫ নভেম্বর একই দাবিতে তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছিলেন।

You may also like

Leave a Comment