Home রাজনীতিশেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

by thedeshbangla
০ comments

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির রায় কার্যকরের জন্যই ফিরবেন।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আজকে একটি ইন্টারভিউ আমরা দেখেছি, যেখানে বলা হয়েছে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করেছেন। আমাদের দাবি থাকবে, দেশ তো এরই মধ্যে ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরুক, তবে ফাঁসির রায় কার্যকরের জন্য।

তিনি বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে গণহত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে আসবেন, কাদের সঙ্গে আসবেন, তিনি আত্মসমর্পণ করবেন কি না, এসব বিষয় বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে আলোচনা করবে। এখানে আর কোনো পক্ষ নেই। সরকারই ঠিক করবে তাকে কখন আনা হবে, কীভাবে আনা হবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করা হবে। সব প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনার সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দিল্লি থেকে যতটুকু অনুমতি দেওয়া হয়, সে অনুযায়ী তিনি কথা বলেন। ফলে তিনি দেশে ফিরবেন কি না, কীভাবে ফিরবেন এবং বিচার কীভাবে হবে, এসব বিষয় মূলত ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে।

তিনি বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়।

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীরা রাজনৈতিকভাবে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় আমরা প্রয়োজনীয় ভূমিকা পালন করব।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো ধরনের চেষ্টা হলে, সরকার যদি সেটিকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে সরকারই।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব পক্ষ, আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার বিষয়টি সরকারও বিবেচনা করছে। আমরা মনে করি, এটিই সঠিক পথ।

তিনি বলেন, শেখ হাসিনার রায় হয়ে গেছে। এখন সেটি কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তাহলে কেবল ফাঁসির রায় কার্যকরের জন্যই ফিরবেন।

এমএসএমই দিবসের অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নেন। এতে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মকর্তা ও উদ্যোক্তারা বক্তব্য দেন।

You may also like

Leave a Comment