Home খেলা৪০ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপের নকআউটে জিতল মেক্সিকো

৪০ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপের নকআউটে জিতল মেক্সিকো

by thedeshbangla
০ comments

অবশেষে কেটে গেল ৪০ বছরের অপেক্ষা! বিশ্বকাপের নকআউট পর্বে দীর্ঘ চার দশক পর আবারও জয়ের মুখ দেখেছে মেক্সিকো। আজতেকা স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে আজ ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে অন্যতম স্বাগতিক দেশটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ধারালো ছিল মেক্সিকো। প্রথমার্ধেই দুই গোল করে কার্যত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় স্বাগতিকরা। ২২ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে জোরালো শটে গোলের সূচনা করেন হুলিয়ান কিনিয়োনেস। এরপর ৩১ মিনিটে কিনিয়োনেসের ফিরতি পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমিনেজ।

দুই গোল হজমের পর দ্বিতীয়ার্ধে বলের দখল বাড়ানোর চেষ্টা করে ইকুয়েডর। পুরো ম্যাচে ৫৫.৭ শতাংশ সময় বল তাদের নিয়ন্ত্রণে থাকলেও আক্রমণে সেই আধিপত্যের প্রতিফলন ঘটাতে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি। মাত্র পাঁচটি শট নিতে সক্ষম হয় তারা, যার একটি ছিল লক্ষ্যে। বিপরীতে মেক্সিকো ১৪টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় এবং সেখান থেকেই দুটি গোল আদায় করে নেয়।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মেক্সিকো। যোগ করা সময়ে ইকুয়েডরের হতাশা আরও বাড়ে। মেক্সিকোর এক খেলোয়াড়ের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনায় ভিএআরের পরামর্শে লাল কার্ড দেখেন সেন্টার-ব্যাক পিয়েরো হেনকাপিয়ে।
এই জয় মেক্সিকোর জন্য শুধু শেষ ষোলো নিশ্চিত করার নয়, ইতিহাসও গড়ার। ১৯৮৬ সালের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে শেষ ষোলোর ম্যাচে বুলগেরিয়াকে ২-০ গোলে হারানোর পর বিশ্বকাপের নকআউট পর্বে আর কোনো জয় পায়নি তারা।

সেই দীর্ঘ ৪০ বছরের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে আবারও নকআউটে জয়ের স্বাদ পেল মেক্সিকো। অন্যদিকে বিশ্বকাপের নকআউটে নিজেদের প্রথম জয় খুঁজতে নামা ইকুয়েডরের স্বপ্ন শেষ হলো রাউন্ড অব ৩২-এ।

You may also like

Leave a Comment