Home বাংলাদেশসিলেটে নতুন ভোটার নিবন্ধন শুরু, শেষ সময় ৩১ জুলাই

সিলেটে নতুন ভোটার নিবন্ধন শুরু, শেষ সময় ৩১ জুলাই

by thedeshbangla
0 comments

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলায় ভোটার তালিকা হালনাগাদের সমন্বিত কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা তাসমিন আক্তার।

তিনি জানান, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩ (জ) অনুযায়ী, যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার আগে, তারা নতুন ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে যারা জাতীয় পরিচয় নিবন্ধনের ডাটাবেজে অন্তর্ভুক্ত হবেন, তাদের তথ্য বিবেচনায় নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, যেসব যোগ্য নাগরিক এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি, তারা ৩১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিবন্ধন করতে পারবেন। এজন্য আগে অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা আগামী ৯ আগস্ট প্রকাশ করা হবে। এরপর ২৪ আগস্ট পর্যন্ত তালিকা নিয়ে দাবি, আপত্তি বা সংশোধনের আবেদন করা যাবে। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট। সব আইনি প্রক্রিয়া শেষে আগামী ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা নতুন যোগ্য ভোটারদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন, যাতে গুরুত্বপূর্ণ এই কার্যক্রমে কোনো যোগ্য নাগরিক বাদ না পড়েন।

You may also like

Leave a Comment