Home সারাদেশসিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ সিলেটে মাঠে নামছে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ সিলেটে মাঠে নামছে বাংলাদেশ

by The Desh Bangla
০ comments

জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করার লক্ষ্য নিয়ে আজ (রবিবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। সর্বশেষ গত জুনে শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলেছিল টাইগাররা। সেই সিরিজের পর থেকে সাদা বলের ক্রিকেটে ব্যস্ত সময় কাটিয়েছে দলটি—ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ২৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তারা।

আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ স্পষ্টভাবেই ফেভারিট। তবে দীর্ঘ বিরতির পর টেস্টের ছন্দে ফেরা এবং ব্যাটারদের ধারাবাহিকতা—এই দুটি বিষয় টিম ম্যানেজমেন্টের প্রধান উদ্বেগ।

সাত মাস পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। গত এপ্রিলে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তার সর্বশেষ টেস্ট ম্যাচ ছিল। আজ তার সঙ্গে ইনিংস শুরু করতে পারেন সাদমান ইসলাম, যার এই বছর টেস্টে গড় ৪০.৫৭।

বাংলাদেশের মিডল-অর্ডার দায়িত্বে থাকবেন অভিজ্ঞ তিন ব্যাটার—মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস। আয়ারল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে আধিপত্য দেখাতে হলে তাদের বড় ইনিংস খেলতে হবে।

গত বছরের সেপ্টেম্বরের পর থেকে টেস্টে কোনো সেঞ্চুরি নেই মুমিনুলের; আর লিটনের শেষ টেস্ট সেঞ্চুরি এসেছে ২০২২ সালে। তবে ব্যাট হাতে ছন্দে আছেন মুশফিক, যিনি জুনে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই তিনি নামবেন তার ক্যারিয়ারের ৯৯তম টেস্টে।

স্পিন নির্ভর কৌশলেই আয়ারল্যান্ডকে চাপে ফেলতে চায় বাংলাদেশ। যদিও সিলেটের উইকেট সাধারণত পেসারদের সহায়তা দেয়, তবুও অভিজ্ঞ দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ওপর নির্ভর করছে দল।

তাইজুল ৫৫ টেস্টে ২৩৭ উইকেট এবং মিরাজ ৫৪ টেস্টে ২০৫ উইকেট নিয়েছেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হতে তাইজুলের প্রয়োজন আরও ১০ উইকেট। বর্তমানে ৭১ টেস্টে ২৪৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন সাকিব আল হাসান।

বাংলাদেশের স্পিন আক্রমণ সামলানোই হবে আইরিশ ব্যাটারদের বড় চ্যালেঞ্জ। আয়ারল্যান্ডের ব্যাটার হ্যারি টেক্টর বলেন, “আমার মনে হয় বাংলাদেশের উইকেট নিয়ে আমাদের ভালো ধারণা আছে। তবে খুব বেশি ভাবনার কিছু নেই। যদি ব্যাটাররা স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তাহলে ভালো কিছু করা সম্ভব। সকালের সেশনটা গুরুত্বপূর্ণ হবে—ওটা ভালোভাবে পার করতে পারলেই সুবিধা হবে।”

এখন পর্যন্ত টেস্টে একবার মুখোমুখি হয়েছে দুই দল। ২০২৩ সালের এপ্রিল মাসে মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ঐ ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুশফিকুর রহিম—প্রথম ইনিংসে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫১ রান করেন তিনি।

You may also like

Leave a Comment