Home সারাদেশমোহাম্মদপুরে স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ, তদন্তে পুলিশ

মোহাম্মদপুরে স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ, তদন্তে পুলিশ

by The Desh Bangla
০ comments

রাজধানীর মোহাম্মদপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১২টার কিছু পর ইকবাল রোডে অবস্থিত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলকে লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা ছোড়া হয়। সৌভাগ্যবশত, এতে কেউ আহত হননি।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টা ৪ মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি স্কুলের সামনে এসে অবস্থান নেয়।

তাদের মধ্যে দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ, আর দুজনের মাথায় হেলমেট ছিল। কিছুক্ষণের মধ্যে এক ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে হাতে থাকা পেট্রোল বোমায় আগুন লাগিয়ে স্কুলের দিকে পরপর দুটি বোমা নিক্ষেপ করেন। এরপর তারা মুহূর্তের মধ্যেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ইতোমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, “প্রিপারেটরি স্কুলের দিকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি এবং তদন্ত চলছে।”

পুলিশ বর্তমানে হামলার উদ্দেশ্য ও জড়িতদের শনাক্তে কাজ করছে।

You may also like

Leave a Comment