Home সারাদেশঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ৮

by The Desh Bangla
০ comments

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আটজন।

রোববার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার চালতিপাড়া এলাকায় মাওয়াগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তবে তিনি দুর্ঘটনাগ্রস্ত ইমাদ পরিবহনের হেলপার ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, চালতিপাড়া এলাকায় মাওয়ামুখী লেনে হানিফ পরিবহনের একটি বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় মাওয়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগামী অবস্থায় এসে পেছন দিক থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইমাদ পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসটির হেলপার মারা যান। এতে চালকসহ অন্তত আটজন আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার এসআই নুর মোহাম্মদ বলেন, “হানিফ পরিবহনের বাসটি নষ্ট হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। ইমাদ পরিবহনের দ্রুতগামী বাসটি সেটিকে পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই হেলপার মারা যায়।”

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে প্রায় ৪০ মিনিট যান চলাচল বিঘ্নিত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

You may also like

Leave a Comment