Home অপরাধচট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

by thedeshbangla
০ comments

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

গত বৃহস্পতিবার (৮ মে) নগরের খুলশী ও চকবাজার এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলিগুলো ভারতীয় তৈরি।

সিএমপির মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-৩২ গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ওয়াসা মোড়ের একটি ফাস্টফুড দোকানে অভিযান চালিয়ে মো. ফয়সাল আহমেদ রনি নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে চকবাজারের দামপাড়া এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে আমিনুল হক বাপ্পী নামে আরও এক অস্ত্র ব্যবসায়ীকে ১১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আসামিরা পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস থেকে এসব গুলি সংগ্রহ করেছিল। চট্টগ্রাম নগরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যেই তারা এই গুলি নিজেদের কাছে রেখেছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

You may also like

Leave a Comment