দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ১৩২ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (২৩ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকাও সিলেট ৪ জন, চট্টগ্রাম ২ জন এবং বরিশাল,ময়মনসিংহ বিভাগে ১ জন করে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১ জন একজন মারা গেছেন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৫ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৯৬৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৬২ হাজার ৫০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৯৪ জনের শরীরে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৩৮৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৪৫ হাজার ০১১ জন।
