তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর। একই সঙ্গে ভুল তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেওয়াও সমান জরুরি বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (২৭ এপ্রিল) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বৈঠকে তথ্যমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মকে নিয়মনীতি ও শৃঙ্খলার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে বিশ্বের সব দেশকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।
জহির উদ্দিন স্বপন জানান, সরকার গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। এসব বৈঠক থেকে পাওয়া প্রস্তাব পর্যালোচনা করে একটি কার্যকর ‘রোডম্যাপ’ প্রণয়ন করা হবে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কারিগরি ও পেশাদার সহযোগিতা কামনা করেন তিনি।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র বিভিন্ন বিশেষায়িত ক্যাটাগরিতে নিয়মিত বৃত্তি দিয়ে থাকে। এর মাধ্যমে দেশের তরুণ সমাজ উপকৃত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন তথ্যমন্ত্রী। জবাবে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল জানায়, এ ঘটনায় অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
বৈঠকে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
