২
বগুড়ার সারিয়াকান্দিতে পবিত্র ঈদ-উল-আজহার দিন স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে স্বামী। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গণকপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মিমি বেগম (২৬) ওই এলাকার কাঠমিস্ত্রী রুবেল মন্ডলের (৩০) স্ত্রী। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান।
তিনি জানান, ধারালো অস্ত্রের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে তার স্বামীকে আটক করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আটক রুবেল মন্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
