Home বাংলাদেশঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

by thedeshbangla
০ comments

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৭ মে) সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে জোর দিয়ে বলেন, কোরবানি কেবল পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়; বরং মানুষের ভেতরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ এবং মনের পশুত্বকে পরিহার করে আত্মশুদ্ধি লাভ করাই এই উৎসবের মূল তাৎপর্য।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা (ঈদ মোবারক) জানিয়ে বলেন, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সত্য ও সুন্দরের পথে চলাই কোরবানির প্রধান শিক্ষা।

সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, তাদের সঙ্গে ঈদের আনন্দ এবং কোরবানির মাংস ভাগাভাগি করে নেওয়া উচিত। এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।

পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সচেতন থাকার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী কোরবানির পশুর বর্জ্য ও রক্ত দ্রুত পরিষ্কার করার জন্য পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান। তিনি চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজ নিজ চারপাশ পরিষ্কার রাখতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পরিশেষে, তিনি মহান আল্লাহর দরবারে মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনায় প্রার্থনা করেন।

You may also like

Leave a Comment