সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন (৫৫), সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন (৩০) এবং জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আখতার হোসেন সুলতানপুর এলাকার আশরাফ আলীর ছেলে, শেখ মোস্তাফিজুর রহমান শোভন সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকার শেখ তহিদুর রহমানের ছেলে এবং শেখ আলমগীর হোসেন মুন্সীপাড়া এলাকার মহিদুল রহমানের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর থানা পুলিশের একটি অভিযানিক দল শনিবার সাতক্ষীরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
