Home সারাদেশবাবার অমতে বিয়ে, দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবার অমতে বিয়ে, দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

by thedeshbangla
0 comments

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় একটি বাড়ি থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার ছোট চণ্ডীপুর কালিরহাট এলাকার একটি বসতবাড়ি থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—ওই এলাকার বাসিন্দা রিপেন চন্দ্র রায়ের স্ত্রী ছবি রানী (৪০) এবং তাঁদের ১৫ বছর বয়সী কিশোরী মেয়ে পল্লবী রানী।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের অমতে বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনার পর পুরো এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত পল্লবী রানী তাঁর বাবাকে না জানিয়ে ১০ থেকে ১২ দিন আগে পাশের ফুলবাড়ী উপজেলায় বিয়ে করে। এই বিয়ের বিষয়টি পল্লবীর বাবা রিপেন চন্দ্র রায় কোনোভাবেই মেনে নিতে পারেননি। এ নিয়ে গত কয়েক দিন ধরেই পল্লবীর বাবা ও মায়ের মধ্যে তীব্র ঝগড়া ও পারিবারিক অশান্তি চলছিল। ঘটনার দিন গতকাল সোমবার রিপেন চন্দ্র রায় ক্ষিপ্ত হয়ে বাড়িতে তাঁর স্ত্রী ছবি রানী ও মেয়ে পল্লবী রানীকে প্রচণ্ড মারধর করেন। স্থানীয়দের ধারণা, এই মারধর ও মানসিক নির্যাতনের জেরে ক্ষোভে ও অভিমানে মা ও মেয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।

সংশ্লিষ্ট মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইয়াকিন আলী জানান, রিপেন চন্দ্র রায়ের কাছ থেকে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে মা ও মেয়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাৎক্ষণিকভাবে আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।

পার্বতীপুরের আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটি উদ্ধার করেছে। মা ও মেয়ের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলেই এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনাটির পেছনে অন্য কোনো রহস্য আছে কি না, তা খতিয়ে দেখছে।

You may also like

Leave a Comment