Home অপরাধবিমান কর্মকর্তার স্ত্রী হত্যা: প্রায় ২ বছর পর প্রধান আসামি গ্রেফতার

বিমান কর্মকর্তার স্ত্রী হত্যা: প্রায় ২ বছর পর প্রধান আসামি গ্রেফতার

by thedeshbangla
০ comments

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় দুই বছর আত্মগোপনে থাকা প্রধান আসামি মো. সবুজ বিশ্বাসকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ২৭ অক্টোবর মিরপুর ডিওএইচএসে অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তা উইং কমান্ডার কাজী আব্দুল মতিনের স্ত্রী ফারাহ দীবাকে নিজ বাসায় হত্যা করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পরদিন র‌্যাব অভিযুক্ত সিকিউরিটি গার্ড মো. মিলন মিয়াকে গ্রেফতার করে।

তদন্তে পাওয়া তথ্য ও আদালতে দেওয়া জবানবন্দি অনুযায়ী, মিলন মিয়া ও সবুজ বিশ্বাস একসঙ্গে ভুক্তভোগীর বাসায় প্রবেশ করে। তারা ফারাহ দীবাকে জাপটে ধরে মেঝেতে ফেলে দেয়। পরে তার হাত-পা বেঁধে মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, লুটপাটের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। চাঞ্চল্যকর এ ঘটনা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।

র‌্যাব আরও জানায়, ঘটনার পর প্রধান আসামি ও গাড়িচালক সবুজ বিশ্বাস পরিচয় গোপন করে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‌্যাব-১২-এর একটি দল বৃহস্পতিবার কুষ্টিয়া সদর থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। সংস্থাটি বলেছে, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment