তিন দিনের সরকারি সফরে আগামী রবিবার (৭ জুন) রাশিয়া যাচ্ছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি গ্লোবাল সাউথ ও ইস্ট তথা বৈশ্বিক দক্ষিণ ও পূর্ব অঞ্চলের দেশগুলোর স্বার্থ রক্ষাকে অগ্রাধিকার দেওয়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, মস্কো তাকে স্বাগত জানায়।
একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) দ্রুত অর্জন নিশ্চিত করা, সাধারণ পরিষদের কার্যকারিতা বৃদ্ধি এবং সামগ্রিকভাবে বিশ্ব পরিমণ্ডলে জাতিসংঘের কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা পুনপ্রতিষ্ঠা করার বিষয়ে খলিলুর রহমানের অঙ্গীকারের প্রশংসা করেছে রুশ পক্ষ।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আগামী ৭ থেকে ৯ জুনের এই আনুষ্ঠানিক সফরসহ খলিলুর রহমানের সাথে বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতার ব্যাপারে রাশিয়া তাদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছে।
সূত্র : তাস নিউজ
