Home রাজনীতি‘করুণ পরিণতি হতে পারে’—আমলাদের সতর্ক করলেন এটিএম আজহার

‘করুণ পরিণতি হতে পারে’—আমলাদের সতর্ক করলেন এটিএম আজহার

by thedeshbangla
০ comments

সরকারি কর্মকর্তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে ভূমিকা নিলে অতীতে এমন কাজে জড়িতদের মতো করুণ পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

রোববার (৩১ মে) বিকেলে রংপুরের তারাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, আমরা বলব, যারা জুলাই আন্দোলন দেখেছেন, তারা যেন শিক্ষা গ্রহণ করেন। জনগণের সেবক হিসেবে আমলারা কোনো দলের পক্ষে ভূমিকা নেবেন না। চব্বিশ সালের জুলাইয়ের পর এ ধরনের কাজে যারা জড়িত ছিলেন, তাদের যে অবস্থা হয়েছে, একই ধরনের পরিণতি তাদেরও হতে পারে। আমি তাদের সতর্ক করছি, তারা যেন সে বিষয়টি মাথায় রাখেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এই নেতা বলেন, এবারও ঈদ স্বস্তিদায়ক হয়নি। রাস্তাঘাটে মাইলের পর মাইল যানজট ছিল। যেভাবে শৃঙ্খলা রক্ষা করা দরকার সেভাবে রক্ষা করা হয়নি। একদিকে ঢাকা থেকে ঘরে ফেরার মানুষরা যানজটে নাকাল। অন্যদিকে কোরবানির ঈদের পশু পরিবহনের ট্রাক থামিয়ে চাঁদাবাজি করা হয়েছে। এতে করে রাস্তায় কৃত্রিম যানজটের তৈরি হয়েছে। এটা সরকার চাইলে বন্ধ করতে পারত, কিন্তু তা করা হয়নি।

তিনি আরও বলেন, গণভোটে জনগণের রায় বাস্তবায়ন নিয়ে বিএনপি শুরুতেই জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সংবিধানের দোহাই দিয়ে তারা ৭০ ভাগ মানুষের রায়ের প্রতি চরম অবজ্ঞা দেখিয়েছেন। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার সংসদে বিষয়টি মীমাংসা না করলে সংসদ ও বাইরে আন্দোলন করে দাবি আদায় করা হবে। সারা দেশে ১১ দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এতেও যদি সরকারের টনক না নড়ে তাহলে সর্বাত্মক আন্দোলন করে জনগণের দাবি আদায়ে বাধ্য করব।

বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে অনেকটা পিছিয়ে গেছে অভিযোগ করে এটিএম আজহার বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন সে সময় ভারত বাংলাদেশের কোনো নাগরিককে হত্যা করতে সাহস পায়নি। স্বাধীন পররাষ্ট্রনীতি এখন না থাকায় শক্তভাবে প্রতিবাদ করতে পারছি না। যদি আমরা স্বাধীনভাবে এবং শক্তভাবে প্রতিবাদ করতে পারতাম তাহলে একটা দেশ যতই শক্তিশালী হোক না কেন পাশের দেশের প্রতি আধিপত্য তৈরি করতে পারত না।

তিনি বলেন, প্রতিবেশী কোনো দেশের সঙ্গেই ভারতের ভালো সম্পর্ক নেই। ধর্মের কারণে ভারতে মুসলমানদের ওপর নির্যাতন চলছে। বাংলাদেশে পুশ ইন অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment