রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, মগবাজারের ওই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ৬টি প্রাণ ঝরে গেছে। বিষয়টি তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (২৭ মে) দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে।’ হাম সংক্রমণ বৃদ্ধির পেছনেও সেই অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।
এর আগে, হঠাৎ করেই কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে নামেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ ও রোগীদের খাবারের মান পরিদর্শন করেন। পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে খোঁজ নেন চিকিৎসা ব্যবস্থার।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে, সকালে মন্ত্রী পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
