Home বিনোদন‘ড্রিম গার্ল’ মাধুরীকে ডেটে নিয়ে যেতে চাই: অঙ্কুশ

‘ড্রিম গার্ল’ মাধুরীকে ডেটে নিয়ে যেতে চাই: অঙ্কুশ

by thedeshbangla
০ comments

বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিতে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়াই মুশকিল! তার রূপ, অভিনয় আর ঝড় তোলা নাচ ভোলার মতো নয়। শুক্রবার (১৫ মে) ৫৯ পূর্ণ করে ষাট বছর বয়সে পা দিতে যাচ্ছেন মাধুরী। বিশেষ এই দিনে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা জানালেন, তার ‘ড্রিম গার্ল’ মাধুরী, আর তাকে ডেটে নিয়ে যেতে চান এই তারকা।

ভারতীয় একটি গণমাধ্যমে অঙ্কুশ হাজরা বলেন, “আমার বেড়ে ওঠার সময়ে টেলিভিশনে সিনেমা দেখার চল। রবিবারগুলোতে মাধুরীর সিনেমা দেখতাম। ‘বেটা’, ‘তেজাব’, ‘হাম আপকে হ্যায় কৌন’—কত সিনেমার নাম উল্লেখ করব! আমি তো ছোটবেলা থেকে নাচ করতে ভালোবাসি। নাচ শিখি। তাই আরো এক অন্য আকর্ষণ তৈরি হয়েছিল। আমি মনে করি, ছেলে-মেয়ে নির্বিশেষে সবারই উনার কাছ থেকে অভিব্যক্তি শেখা উচিত।”

মাধুরী দীক্ষিতের সঙ্গে ডেটে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন অঙ্কুশ হাজরা। এ নায়ক বলেন, “একটা নাচের দৃশ্যে অভিব্যক্তি ঠিক রেখে পুরোটা চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু কম কিছু নয়। উনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। মুম্বাইয়ে গিয়ে যখন কর্মশালায় যোগ দিয়েছি, ওখানে অনেক দিন ছিলাম। তখন উনার সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। কোনো দিন দেখা হলে কী বলব, সেটাও জানি না। তবে সুযোগ পেলে ডেটে নিয়ে যেতে চাই। মাধুরীকে নিয়ে আমার পাগলামির কথা ঐন্দ্রিলা জানে।”

সিনেমাপ্রেমীদের কাছে প্রিয় অভিনেত্রী মাধুরী। তবে অঙ্কুশের কাছে ‘ড্রিম গার্ল’ তিনি। স্বপ্নের নায়িকার সঙ্গে দেখা হওয়া মানে তার জীবনের একটি স্বপ্নপূরণ। অঙ্কুশ হাজরা বলেন, “আমি তখন বর্ধমানে থাকি। কলকাতায় আসিনি। তখন এলইডি টেলিভিশনের চল শুরু হয়নি। বরং বক্স টেলিভিশনই সবার বাড়িতে। আর ছিল ভিসিআর। তাতে ক্যাসেট চালিয়ে গান শোনা হতো। আমি তখন ভিডিও ক্যাসেট কিনতাম। আর মাধুরীর সিনেমার গান চালিয়ে নাচতাম। মা ভীষণ রেগে যেতেন! কিন্তু ওটাই মজা ছিল। পরে যখন অভিনয়জীবন শুরু করি, তখন মনে হয়েছিল, এক দিন না এক দিন ‘ড্রিম গার্ল’-এর সঙ্গে দেখা হবে। দেখি, আমার সেই আশা কবে পূরণ হয়।”

১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। এই সিনেমায় তার নায়ক ছিলেন বাঙালি অভিনেতা তাপস পাল। ১৯৮৮ সালে ‘তেজাব’ সিনেমার মাধ্যমে দর্শকমহলের সর্বত্র বিপুল সাড়া ফেলেন এই অভিনেত্রী।

আশির দশকের মাঝামাঝি থেকে নব্বই দশকের শেষ পর্যন্ত বলিউড কাঁপান মাধুরী। এই সুন্দরী অভিনেত্রীর ঝোলায় জমা পড়েছে— ‘রাম লক্ষ্মণ’, ‘তেজাব’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘কোয়লা’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘খলনায়ক’–এর মতো অজস্র সুপারহিট সিনেমা। সর্বশেষ ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় দেখা যায় মাধুরীকে। ২০২৪ সালে মুক্তি পায় এটি।

You may also like

Leave a Comment