Home সারাদেশচট্টগ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণ

চট্টগ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণ

by thedeshbangla
০ comments

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সি এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে শিশুটির মা বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ নম্বর আসামি নুর আক্তারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির পরিবার পটিয়ায় ভাড়া বাসায় বসবাস করে। তাদের পাশের ঘরে থাকতেন অভিযুক্ত মোহাম্মদ সোলাইমান (৪২)। গত ১৭ মার্চ শিশুটির মা-বাবা ঘরের বাইরে কাজে ব্যস্ত থাকার সুযোগে সোলাইমান শিশুটিকে তার ঘরে নিয়ে যায়। পরে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ১০ টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে।

ঘটনার দুই দিন পর শিশুটির অসুস্থতার বিষয়টি জানতে পেরে অভিযুক্তের স্ত্রী ও গ্রেপ্তার নুর আক্তার চিকিৎসার জন্য এক হাজার টাকা দেয়। তবে ঈদের কয়েক দিন পর বিদ্যুৎ বিল নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের এক পর্যায়ে বিষয়টি সামনে আসে। ঝগড়ার সময় শিশুটি তার মাকে ঘটনাটি জানায়।

পরবর্তীতে গত ১৯ এপ্রিল সন্ধ্যায় বিদ্যুৎ বিল নিয়ে পুনরায় বিরোধ সৃষ্টি হলে অভিযুক্ত ব্যক্তি শিশুটির মাকে মারধরের চেষ্টা করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। এ সময় ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে শিশুটির মা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করেন।

পুলিশের পরামর্শে সোমবার দুপুরে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং ভুক্তভোগী শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পিতা কামাল হোসেন বলেন, তার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তিনি ন্যায়বিচার চান। এমন ঘটনা যাতে আর কারও সঙ্গে না ঘটে, সে জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ক্য লাহ্‌ চিং মারমা জানান, ইতোমধ্যে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রধান আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীকে হাসপাতালে পাঠিয়ে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।

You may also like

Leave a Comment