আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের পরিবেশ শান্ত রাখতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিনের বিশেষ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠিয়েছেন।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের আগের দিন ৮ এপ্রিল রাত ১২টা থেকে ৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, ট্যাক্সি ক্যাব ও প্রাইভেটকার চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। তবে মোটরসাইকেলের ক্ষেত্রে বিধিনিষেধ আরও কঠোর; ৭ এপ্রিল রাত ১২টা থেকে ১০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মোট তিন দিন সংশ্লিষ্ট এলাকায় মোটরসাইকেল চালানো যাবে না।
তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এর মধ্যে রয়েছে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমোদিত পর্যবেক্ষক, ওষুধ, চিকিৎসা সামগ্রী ও সংবাদপত্র বহনকারী যানবাহন, দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স।
ইসি জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য কিছু শিথিলতা রয়েছে। রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রার্থীরা একটি এবং এজেন্টরা একটি যানবাহন (জিপ, কার বা মাইক্রোবাস) ব্যবহার করতে পারবেন। এছাড়া সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা কমিশন বা রিটার্নিং কর্মকর্তার বিশেষ অনুমতি সাপেক্ষে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন ব্যবহার করতে পারবেন। স্থানীয় জনসাধারণের যাতায়াতের প্রয়োজনেও কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল রাখার সুযোগ রাখা হয়েছে।
আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই কমিশন এই ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে।
