প্রথম দেখায় চিনতেই পারছেন না কেউ- উশকোখুশকো চুল, পরনে ময়লা পোশাক, মুখভর্তি কালচে মেকআপ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে আলোচনা।
ভিডিওতে দেখা যায়, ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন এক নারী দাঁড়িয়ে আছেন। একপর্যায়ে উচ্চ স্বরে কথা বলছেন তিনি। কেউ একজন তার দিকে বল ছুড়ে মেরেছে এবং সে এর বিচার চায়। ঠিক তখনই মোটরসাইকেলে করে সেখানে হাজির হন অভিনেতা ফারহান আহমেদ জোভান। তাকে দেখে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন পাগলিটি! আর নেটদুনিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন অভিনেতা জোভান। মজার ছলে ক্যাপশনে লিখেছেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইব!’
খানিকটা পরে নেটিজেনরা বুঝতে পারেন, এই ব্যতিক্রমী লুকের মানুষটি আর কেউ নন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। হঠাৎ কেয়া পায়েলের এই আমূল পরিবর্তন দেখে অনেকেই অবাক হয়ে গেলেও জানা যায়, এটি একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। এতে তার সহশিল্পী ও জনপ্রিয় জোভান।

ভিডিও প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, প্রথম দেখায় কেয়া পায়েলকে চিনতেই পারেননি। একজন লেখেন, ‘বাপরে বাপ, কী মারাত্মক অভিনয়!’ আরেকজন মেকআপের প্রশংসা করে মন্তব্য করেন, ‘মানিয়েছে, একদম পারফেক্ট মেকআপ।’ সব মিলিয়ে চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে নতুনভাবে তুলে ধরার সাহসিকতার জন্য অভিনেত্রীর প্রশংসায় মুখর নেটিজেনরা।
বলা দরকার, গ্ল্যামার ও সাবলীল অভিনয়ের জন্য পরিচিত কেয়া পায়েল চরিত্রের প্রয়োজনে এমন ব্যতিক্রমী লুকে নিজেকে মেলে ধরার মাধ্যমে আবারও প্রমাণ করলেন তার অভিনয় দক্ষতা।
