মর্মান্তিক এক খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছে জিম্বাবুয়ে ক্রিকেটাঙ্গন। জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজার পরিবার থেকে আসা দুঃসংবাদে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভারী হয়ে উঠেছে। জানা গেছে, রাজার ছোট ভাই মুহাম্মদ মাহদি চলতি সপ্তাহের শুরুতে মৃত্যুবরণ করেছেন।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই দুঃসংবাদের বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘জিম্বাবুয়ে ক্রিকেট জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। তার প্রিয় ছোট ভাই মুহাম্মদ মাহদি ২৯ ডিসেম্বর ২০২৫-এ হারারেতে ১৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘মুহাম্মদ মাহদি জন্মগতভাবে হিমোফিলিয়ায় আক্রান্ত ছিলেন এবং সাম্প্রতিক স্বাস্থ্যগত জটিলতার কারণেই তিনি মৃত্যুবরণ করেন। ৩০ ডিসেম্বর হারারেতে ওয়ারেন হিলস কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এই গভীর শোকের সময়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড, ব্যবস্থাপনা, খেলোয়াড় ও স্টাফরা সিকান্দার রাজা ও তার পরিবারের পাশে রয়েছে। আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন এবং মুহাম্মদ মাহদির আত্মা চিরশান্তিতে বিশ্রাম নিক।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জিম্বাবুয়ে ক্রিকেটের ওই বিবৃতিতে ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান সিকান্দার রাজা।
ব্যক্তিগত এই শোকের ঘটনা রাজার পেশাদার ক্যারিয়ারের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময়ে এসে ধাক্কা দিল। সর্বশেষ তাকে দেখা গেছে আইএলটি২০ ২০২৫ আসরে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলতে। টুর্নামেন্টে ১০ ম্যাচে ১৭১ রান করার পাশাপাশি ১০টি উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান এই অভিজ্ঞ অলরাউন্ডার।
সংযুক্ত আরব আমিরাতে তার পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে, সংক্ষিপ্ত সংস্করণে তিনি বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার।
তীব্র ব্যক্তিগত বেদনার মধ্যেও সামনে রাজার ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ-২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই মর্যাদাপূর্ণ আসরে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার।
জিম্বাবুয়ে দলের প্রাণভোমরা হিসেবে বিশ্বমঞ্চে দলের সাফল্যে রাজার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। জন্ম থেকেই হিমোফিলিয়ার সঙ্গে লড়াই করা ছোট ভাইকে হারানোর এই অপূরণীয় ক্ষত গভীর বেদনার হলেও, এই কঠিন সময়ে রাজার পরিবার ও স্বজনদের পাশে রয়েছে বৈশ্বিক ক্রিকেট পরিবার।
