বিপিএলে নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশোধিত সূচি অনুযায়ী এবারের আসরে চট্টগ্রাম পর্বে কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। ১২ জানুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই চলবে বিপিএলের ম্যাচগুলো।
এরপর ১৫ জানুয়ারি থেকে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ঢাকা পর্ব। বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী ৫ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে বিপিএলের ম্যাচ হওয়ার কথা ছিল। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে টুর্নামেন্টটি এখন দুই ভেন্যুতেই সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
গণমাধ্যমে কথা বলতে গিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘খেলা দুই ভেন্যুতে নিয়ে আসতে হচ্ছে। চট্টগ্রামের দর্শক ও ম্যানেজমেন্টের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি।’
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটে খেলা চলবে। এরপর ১৩ জানুয়ারি ঢাকায় ফিরে যাবে টুর্নামেন্টে অংশ নেওয়া ছয় দল এবং বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীতেই।
প্লে-অফের সূচি আগেই চূড়ান্ত করা হয়েছে। ১৯ জানুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি, আর বিপিএলের পর্দা নামবে ২৩ জানুয়ারি ‘গ্র্যান্ড ফাইনাল’-এর মাধ্যমে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে, যাতে বৃষ্টির কারণে সূচিতে বিঘ্ন না ঘটে।
