২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন জোফরা আর্চার। একই সঙ্গে বৈশ্বিক এই আসরকে সামনে রেখে দলের পরিকল্পনায় রাখা হয়েছে পেসার জশ টাংকেও।
আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় বিশ্বকাপ উপলক্ষে এই প্রাথমিক দল ঘোষণা করা হয়। পাশাপাশি আগামী মাসে শ্রীলংকা সফরের জন্য ইংল্যান্ডের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলও প্রকাশ করেছে নির্বাচকরা।
প্রাথমিক বিশ্বকাপ দলে থাকলেও জোফরা আর্চার শ্রীলংকা সফরে যাচ্ছেন না। চলতি মাসের শুরুতে অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে বাঁ পাশের চোটে পড়ার পর তিনি বর্তমানে ইংল্যান্ড দলের মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। অন্যদিকে জশ টাং পেয়েছেন তার প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ডাক।
শ্রীলংকা সফরের টি-টোয়েন্টি দলে যেমন তিনি আছেন, তেমনি রাখা হয়েছে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডেও। ব্রাইডন কার্স শ্রীলংকা সফরের টি-টোয়েন্টি দলে থাকলেও বিশ্বকাপের প্রাথমিক দলে নেই।
২০২৪ সালের বিশ্বকাপ স্কোয়াডের আটজন ক্রিকেটার এবারও দলে আছেন। তাদের মধ্যে নতুন অধিনায়ক হ্যারি ব্রুক ও সাবেক অধিনায়ক জস বাটলার ছাড়াও রয়েছেন ফিল সল্ট, বেন ডাকেট, স্যাম কারান, উইল জ্যাকস, আদিল রশিদ ও জোফরা আর্চার।
তবে আগের দল থেকে বাদ পড়েছেন মইন আলী, জনি বেয়ারস্টো, টম হার্টলি, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, রিস টপলি ও মার্ক উড। নতুন করে দলে যুক্ত হয়েছেন রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, লিয়াম ডসন, জেমি ওভারটন, জশ টাং ও লুক উড।
ওয়ানডে দলেও এসেছে পরিবর্তন। দীর্ঘ এক বছর পর আবার ওয়ানডে দলে ফিরেছেন জ্যাক ক্রলি। তিনি সর্বশেষ এই ফরম্যাটে খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বর মাসে। অলরাউন্ডার উইল জ্যাকসও নিউজিল্যান্ড সফর মিস করার পর এবার দুই সংস্করণের সাদা বলের দলেই ফিরেছেন।
শ্রীলংকা সফরে ইংল্যান্ড খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এই সিরিজটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে কাজে লাগাবে দলটি। ওয়ানডে ম্যাচগুলো ২২, ২৪ ও ২৭ জানুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এরপর ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ-৩০ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, আর ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল ও শ্রীলংকা সফরের টি-টোয়েন্টি দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার* (শুধু টি–টোয়েন্টি বিশ্বকাপ), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স* (শুধু শ্রীলংকা সফর), স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড।
ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, লুক উড।
