রাজধানীর বাবুবাজারের আরমানিটোলা এলাকায় একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করে ভবনটির বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে বের করে আনেন।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা প্রচেষ্টায় সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৮টা ১০ মিনিটে পুরোপুরি নির্বাপণ করা হয়। আগুন লাগার প্রায় ৪০ মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভবনটির নিচের অংশ বাণিজ্যিক ও ওপরের অংশ আবাসিক হওয়ায় ঝুঁকি বিবেচনায় অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হয়। সম্ভাব্য আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে বিকল্প সিঁড়ি ও অডিও ডিভাইস ব্যবহার করা হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় ভবনের প্রতিটি তলায় তল্লাশি চালিয়ে নিশ্চিত করা হয় যে ভেতরে কেউ আটকে নেই। উদ্ধার হওয়া ১৭ জনকে নিরাপদে নিচে নামানো হয়।
আগুনের কারণ সম্পর্কে তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা শর্ট সার্কিটের কথা বললেও এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
