Home বাংলাদেশহাদির ওপর গুলি ‘একটি বিচ্ছিন্ন ঘটনা’, নির্বাচন নিয়ে উদ্বেগের কারণ নেই: সিইসি

হাদির ওপর গুলি ‘একটি বিচ্ছিন্ন ঘটনা’, নির্বাচন নিয়ে উদ্বেগের কারণ নেই: সিইসি

by Akash
০ comments

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে আলাদা ও বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ ঘটনাকে কেন্দ্র করে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি মন্তব্য করেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিইসি বলেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি নির্বাচন কমিশনের রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় কোনো অবনতি হয়নি। মাঝে মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, হাদির ঘটনাটিও তেমনই একটি।”

তিনি আরও বলেন, নির্বাচনের সময় সহিংসতার ঘটনা বাংলাদেশে নতুন নয়। অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, আগে আহসানুল্লাহ মাস্টার কিংবা সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিবরিয়া হত্যার মতো ঘটনাও ঘটেছে। এ ধরনের ঘটনা নির্বাচনকে কেন্দ্র করে আগেও দেখা গেছে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো উল্লেখ করে সিইসি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের সময়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করলে উন্নতি স্পষ্ট বোঝা যায়। তখন কয়েকদিন পুলিশ কার্যত অচল ছিল, কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, মানুষ এখন স্বাভাবিকভাবে চলাফেরা করছে এবং নিরাপদে জীবনযাপন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশন নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করছে। সম্প্রতি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

নির্বাচনকালীন নিরাপত্তা প্রসঙ্গে সিইসি জানান, ভোটের দিন পর্যন্ত শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। শেষদিকে তিনি বলেন, নির্ধারিত সময়েই একটি অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ।

You may also like

Leave a Comment